রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুই পৃথক মামলার শুনানি মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এসব মামলার আসামি।
শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় আজ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।
অপরদিকে, শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় একই দিনে অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
মামলা দুইটিতেই শেখ হাসিনা ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে এসব মামলা দায়ের করে।
এই দুই মামলায় অন্য আসামিরা হলেন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম ও উপ-পরিচালক নায়েব আলী শরীফ।
এছাড়া পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি হলেন শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
রিপোর্টার্স২৪/ঝুম