রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা প্রার্থীদের আপিল শুনানি চতুর্থ দিনে প্রবেশ করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ক্রমিক নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, আগামী দিনে ধারাবাহিকভাবে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার ৩৫১ থেকে ৪২০ এবং শুক্রবার ৪২১ থেকে ৪৯০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। কার্যক্রম আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
এর আগে গত তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রথম দিনে ৫১ জন, দ্বিতীয় দিনে ৫৮ জন এবং তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী মঞ্জুর পেয়েছেন। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। রিটার্নিং কর্মকর্তারা ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম