রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনের আগে নবম পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, তা পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সরকার এখন কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছে। পে কমিশন শিগগিরই পে-স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে অর্থ উপদেষ্টা এ তথ্য জানান। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা করা সম্ভব নয়। তিনি বলেছিলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না।
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে-স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী ২১ জানুয়ারি পে-কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম