ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট: টেকনাফ সীমান্তে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশ ভূখণ্ডে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে এই গুলিবর্ষণের ঘটনায় এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হওয়ায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো–কে তলব করা হয়। বৈঠকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনার বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ পক্ষ থেকে কঠোর অবস্থান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ সরকার এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে।
বৈঠকে বাংলাদেশ পক্ষ জানায়, বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিবেশীসুলভ সম্পর্ক ও কূটনৈতিক আচরণের সম্পূর্ণ পরিপন্থি।
এ সময় বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের সীমান্তবর্তী গুলিবর্ষণের পূর্ণ দায়ভার গ্রহণের আহ্বান জানায় এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি তোলে।
পাশাপাশি বাংলাদেশ পক্ষ জোর দিয়ে জানায়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান যেকোনো সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে, তা নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমার সরকারের।
উল্লেখ্য, এর আগে টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ হানিফ নামে এক বাংলাদেশি যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাও ঘটে, যা সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আহত শিশুটি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
বাংলাদেশ সরকার সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলে বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি