| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্য প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৫:৫০:০৭:অপরাহ্ন  |  ৯৩২৪১৮ বার পঠিত
হেফাজতে বিএনপি নেতার মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্য প্রত্যাহার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০)এর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর টহল দল ওই ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে বলে জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযান শেষে আটক শামসুজ্জামান ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে আইএসপিআর।

এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঠিক কারণ উদঘাটনের লক্ষ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আইএসপিআর জানায়, তদন্তে কোনো সদস্য দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ঘটনাটিকে ‘হত্যা’ হিসেবে দাবি করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪