| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৩:৪৮:৩৬:অপরাহ্ন  |  ৯৬৪৭৩০ বার পঠিত
শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১টার দিকে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। অবরোধের ফলে সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি, নিউ মার্কেট, মিরপুর ও শাহবাগমুখী সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য:‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’/‘অধ্যাদেশ চাই, দিতে হবে’/‘সাত কলেজের দাবি মানতে হবে’।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে রওনা দেন।

আন্দোলনকারীরা জানান, এক দফা দাবিতে তারা আজ রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিলেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের একমাত্র দাবি হলো আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হালনাগাদ অধ্যাদেশের খসড়া অনুমোদন এবং একই সঙ্গে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর তা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে। সেই আলোচনার ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানান।

সবশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও অধ্যাদেশ জারি না হওয়ায় তারা আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন।

এদিকে অবরোধের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪