আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একাধিক পোস্টাল ব্যালট একটি বাসায় বসে গণনা করা হচ্ছে এমন দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যালটগুলোর খামে বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায়। দলটির অভিযোগ, একটি ‘বিশেষ রাজনৈতিক দলের’ নেতারা এসব পোস্টাল ব্যালট অনিয়মভাবে হ্যান্ডেল করছেন।
ভিডিওতে দেখা গেছে, ভাইরাল হওয়া একটি ভিডিওর দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড। এতে কয়েকজন ব্যক্তিকে একসঙ্গে বসে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ভিডিওতে এক ব্যক্তিকে অন্যদের উদ্দেশে বলতে শোনা যায়,এই দাঁড়ান, আপনি ভিডিও করছেন কিসের জন্য? এখানে উনারা মেইন ভিডিও করছেন। ভিডিও কইরেন না, ফেসবুকে ছাড়িয়েন না।’আরেকজনকে বলতে শোনা যায়,ডিস্টার্ব কইরো না, কেউ ফেসবুকে ছাড়বে না।’
এক পর্যায়ে একজন বলেন,একাধিকজন ভিডিও করলে ফেসবুকে ছড়িয়ে যাবে। তখন ভাবমূর্তির ক্ষতি হবে। বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে।’যাচাই করে দেখা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়।
এ ছাড়া ২৭ সেকেন্ডের আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জুনায়েন বিন সাদ নামের এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন, এটি ওমানে জামায়াতের এক ব্যক্তির বাসার ভিডিও। তবে অন্য সূত্রগুলোর দাবি, ভিডিওটি বাহরাইনে জামায়াত সংশ্লিষ্ট এক ব্যক্তির বাসার।
রিটার্নিং কর্মকর্তার বক্তব্য
২৭ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রাম-৩ আসনের নাম উল্লেখ থাকতে শোনা যায়। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,আমরা রাতেই বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি দেশের বাইরে ঘটেছে। তবে কোন দেশে তা এখনো নিশ্চিত নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক
এদিন বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত চলে।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন,বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেকগুলো ব্যালট পেপার হ্যান্ডেল করছেন এর ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে আরও তদন্ত করে একটি প্রতিবেদন দেবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেউ ভোটে কারচুপির চেষ্টা করলে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা ব্লক করা হবে।
নজরুল ইসলাম খান বলেন,যারা নির্বাচনকে বিঘ্নিত করার উদ্দেশ্যে কারচুপির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি আরও অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে পোস্টাল ব্যালট বিতরণ করা হচ্ছে, সেখানে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। সেই দুর্বলতার সুযোগ নিয়েই একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা বিপুলসংখ্যক ব্যালট হ্যান্ডেল করার সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন তিনি।
পোস্টাল ব্যালট সংক্রান্ত এই অভিযোগে নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদন ও পরবর্তী পদক্ষেপের দিকে এখন রাজনৈতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি