স্টাফ রিপোর্টার: দেশে নিরাপত্তাহীনতার কারণে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রিটটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়, এবং এখনো এর বড় অংশ উদ্ধার হয়নি। এতে ভোটার ও প্রার্থীদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।
রিটে আরও বলা হয়েছে, ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী শরীফ উসমান হাদীর সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, অবৈধ অস্ত্রের উপস্থিতিতে নিরাপদ নির্বাচন করা সম্ভব নয়। এছাড়া নির্বাচন কমিশনার (অবসরপ্রাপ্ত) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহও উল্লেখ করেছেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।
আইনজীবী মো. মাহমুদুল হাসান বলেন, কিছু প্রার্থীর জন্য সরকার গানম্যানের ব্যবস্থা করেছে, তবে সাধারণ ভোটারদের নিরাপত্তার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তাই রিটে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি