| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পে কমিশন থেকে মাকছুদুর রহমানের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৪:২৯:২৯:অপরাহ্ন  |  ৯২৩৪৩৪ বার পঠিত
পে কমিশন থেকে মাকছুদুর রহমানের পদত্যাগ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মাকছুদুর রহমান বলেন, ২০২৫ সালের ১৮ আগস্ট অর্থ উপদেষ্টার সঙ্গে জাতীয় বেতন কমিশনের প্রথম বৈঠকে মৌখিক নির্দেশনা এবং কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশের আলোকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। ওই সাব-কমিটিকে নির্ধারিত তিনটি কর্মপরিধির ভিত্তিতে সুপারিশমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল।

তিনি জানান, সাব-কমিটি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাস্তবসম্মত ও ন্যায়সঙ্গত মোট ৩৩টি প্রস্তাবনা প্রণয়ন করে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ দেয়। প্রতিটি প্রস্তাবনার সঙ্গে যৌক্তিকতা তুলে ধরে বিস্তারিত ব্যাখ্যা যুক্ত করা হয়। পাশাপাশি অধিকাংশ প্রস্তাবে শিক্ষক ও কর্মকর্তাদের বেতন-ভাতা তাদের পারফরম্যান্সের সঙ্গে সংযুক্ত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।

তবে অধ্যাপক মাকছুদুর রহমান অভিযোগ করেন, গত ৮ জানুয়ারি কমিশনের সর্বশেষ সভায় রিপোর্ট চূড়ান্ত হওয়ার পর দেখা যায়—পাবলিক বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত প্রস্তাবনাগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে বা সেগুলো কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয়নি।

তার মতে, এই ধরনের সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের পথে বড় ধরনের অন্তরায় সৃষ্টি করবে। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কার্যকর কোনো অবদান রাখতে না পারায় কমিশনের সদস্য হিসেবে থাকা আমার কাছে অর্থহীন হয়ে পড়ে। নৈতিক দায়বদ্ধতা থেকেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, কমিশনের সুপারিশে মেধাবী শিক্ষকদের কীভাবে দীর্ঘমেয়াদে শিক্ষকতা পেশায় ধরে রাখা যাবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। একই সঙ্গে শিক্ষা ও গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকরভাবে সম্পৃক্ত করার ক্ষেত্রেও কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মাকছুদুর রহমান প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত এবং সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) পে কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, প্রয়োজনীয় প্রণোদনা নিশ্চিত না করা হলে গবেষণা প্রতিষ্ঠান ও উচ্চশিক্ষা খাতে মেধাবীদের আকৃষ্ট করা সম্ভব হবে না। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে দেশের জ্ঞানভিত্তিক উন্নয়নের ওপর।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪