স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)–এর অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে রাজধানীজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ, কর্মজীবী যাত্রী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন। এতে মিরপুর, গাবতলী, কল্যাণপুর, মোহাম্মদপুর ও সাভারমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।দুপুর দুইটার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান ছিল।
অন্যদিকে, একই দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। ফলে নিউমার্কেট, ধানমন্ডি, আজিমপুর, শাহবাগ ও পুরান ঢাকা অভিমুখী সড়কগুলোতেও তীব্র যানজট দেখা দেয়।
সড়ক অবরোধের কারণে কল্যাণপুর থেকে পায়ে হেঁটে টেকনিক্যাল মোড় পার হতে দেখা যায় ক্যান্সার রোগী মো. আসাদকে। তিনি বলেন,আমাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ থাকায় আমিনবাজার পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে। কয়েকদিন পর পরই নানা দাবিতে রাস্তা বন্ধ থাকে। কষ্টটা শুধু সাধারণ মানুষেরই হয়।
একইভাবে টিউমারের অপারেশন করা রোগী আমেনা বেগমকেও পায়ে হেঁটে যেতে দেখা যায়। তার ছেলে মো. আসলাম বলেন,আমার মায়ের অপারেশন হয়েছে। রাস্তা বন্ধ থাকায় মোহাম্মদপুর যাওয়ার চেষ্টা করছি। দেশটা কি শুধু ছাত্রদের জন্য?
বাসযাত্রী মো. আকরাম, যিনি সাভার যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন, বলেন,রাস্তা বন্ধ করে কি দাবি আদায় করা যায়? মানুষকে কষ্ট দিয়ে কি আন্দোলন সফল হয়? ছাত্রদের কারণে বারবার আমাদের ভোগান্তিতে পড়তে হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে দাবি জানানো যায় না?
মানিকগঞ্জ থেকে আসা মনির হোসেন সায়েদাবাদ যাওয়ার পথে সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়েন। তিনি বলেন, আর কত দাবি আদায় করবে? যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে। জীবন অতিষ্ঠ হয়ে গেল।
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একই দাবিতে গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ করেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা। সেদিনও আশপাশের সড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
বুধবার সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও অবরোধ কর্মসূচি পালন করেন এসব কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে স্বল্প সময়ের জন্য মহাখালীতেও সড়ক অবরোধ করা হয়।
আজকের অবরোধে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে—ডিসিইউ ডিসিইউ’ এ ধরনের স্লোগান দিতে থাকেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি