সিনিয়র রিপোর্টার: ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির ক্ষেত্রে সব ধরনের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৭ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভায় জানানো হয়, ভেনামি চিংড়ি একটি সম্পূর্ণ আমদানিনির্ভর প্রজাতি। এই প্রজাতির পোনা আমদানির মাধ্যমে রোগ সংক্রমণ, পরিবেশ দূষণ এবং দেশীয় বাগদা ও গলদা চিংড়িসহ স্থানীয় জলজ প্রজাতির ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে ভেনামি চিংড়ি চাষের অবাধ সম্প্রসারণকে সমীচীন নয় বলে মত দেন সংশ্লিষ্টরা।
সভায় সিদ্ধান্ত হয়, ভেনামি চিংড়ি চাষকে নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত পদ্ধতির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। ইতোমধ্যে যেসব খামারি ভেনামি চাষের অনুমোদন পেয়েছেন, তাদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হবে এবং চাষের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না তা সরেজমিনে মূল্যায়ন করা হবে।
এই মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির ক্ষেত্রে সব ধরনের অনুমোদন স্থগিত থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিরূপণে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করা হবে। গবেষণার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
পাশাপাশি আমদানিনির্ভর প্রজাতির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় বাগদা ও গলদা চিংড়ির উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় চিংড়ি চাষ সম্প্রসারণে উপযুক্ত প্রকল্প গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উচ্চপর্যায়ের ওই সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়া হায়দার চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট জেলার মৎস্য কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/এসসি