সিনিয়র রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ-কে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গা (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) কে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অগ্রগতি।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। সৌদি আরব শুধু ইসলামের পবিত্র ভূমি হিসেবে নয়, প্রায় ৩২ লাখ প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবেও বাংলাদেশিদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
তিনি উল্লেখ করেন, সৌদি প্রবাসীদের অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরও বেশি সংখ্যক জনশক্তি নিয়োগের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জানতে চান সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট বিতরণের অগ্রগতি সম্পর্কে। উপদেষ্টা জানান, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে মিশনে আগত আবেদনকারীর তুলনায় পাসপোর্টের এনরোলমেন্টে উপস্থিতি কম। প্রসেস ত্বরান্বিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ টিমও পাঠানো হয়েছে।
উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের হাতে নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। এবারের নির্বাচনের জন্য প্রথমবারের মতো বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও অস্ত্র উদ্ধার অভিযান বেগবান করা হয়েছে।
রাষ্ট্রদূত উপদেষ্টাকে আগামী ৮–১৪ ফেব্রুয়ারি ২০২৬ মেয়াদে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’-তে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। উপদেষ্টা ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কারণে সরাসরি অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেন এবং উপযুক্ত প্রতিনিধি প্রেরণের বিষয় নিশ্চিত করেন।
রিপোর্টার্স২৪/এসসি