বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের কারণে বাসটি আটকে পড়লে ঢাবির শিক্ষার্থী ও আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন,আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে বাসটির দুটি জানালার কাচ ভেঙে গেছে এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন সাংবাদিকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি আরও জানান,পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বিকল্প রুট নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (LET) থেকে ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থী আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হতো। দুপুরের নির্ধারিত ট্রিপে বাসটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। বর্তমানে বাসটি ভিসি চত্বরে রাখা হয়েছে।
ঢাবির পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম বলেন,বাসের পেছনের গ্লাস পুরোপুরি ভেঙে গেছে। দরজা ও বাইরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, অবরোধের কারণে বাস আটকে পড়ার পর পরিস্থিতি শান্ত করতে প্রক্টরিয়াল টিম বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে বাসটি ছাড়ার সময় পেছন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাসের কাচ ভেঙে যায় এবং ভেতরে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা দেখা দিলেও পরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রিপোর্টার্স২৪/এসসি