| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ২০:১১:২৬:অপরাহ্ন  |  ৯৩৯৯০৫ বার পঠিত
সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস বাংলাদেশের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান, জনশক্তি রফতানি, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট অধিদফতর ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন যৌথভাবে কাজ করছে এবং প্রক্রিয়া দ্রুত শেষ করতে ঢাকা থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।

তবে তিনি জানান, আবেদনকারীর সংখ্যার তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টের জন্য সরাসরি উপস্থিতির হার কিছুটা কম। বিষয়টি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,সৌদি আরব আমাদের ৩২ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির দ্বিতীয় আবাসস্থল। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ সময় তিনি বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি আমদানির জন্য সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ‘ডেভিল হান্ট ফেইজ-২’-সহ নিয়মিত অভিযান চলমান রয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত আগামী ৮–১৪ ফেব্রুয়ারি ২০২৬ সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’ বা ওয়ার্ল্ড ডিফেন্স শো-তে অংশগ্রহণের জন্য সৌদি স্বরাষ্ট্র মন্ত্রীর আমন্ত্রণপত্র স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে তুলে দেন।

তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেন এবং পরিবর্তে উপযুক্ত প্রতিনিধি পাঠানোর আশ্বাস দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪