| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কারের পক্ষে ভোট, নির্বাচনে কোনো পক্ষপাত নেই: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১২:৫৭:৪৩:অপরাহ্ন  |  ৯২৮৫৩৪ বার পঠিত
সংস্কারের পক্ষে ভোট, নির্বাচনে কোনো পক্ষপাত নেই: প্রেস সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক: গণভোটকে কেন্দ্র করে যারা সমালোচনা করছেন, তাদের জ্ঞানের পরিধি সীমিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। তিনি বলেন, পুরো পৃথিবীতেই সরকার গণভোটের বিষয়ে কোনো না কোনো অবস্থান নেয়। কখনো ‘হ্যাঁ’ সমর্থন করে, কখনো ‘না’।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন শফিকুল আলম। সেখানে তিনি আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) এর মাজার শরীফ জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ।

শফিকুল আলম বলেন, আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে চাই। শেখ হাসিনার মতো যেন আর কোনো নেতার দ্বারা দৈত্য দানব সৃষ্টি না হয়, এজন্য ‘হ্যাঁ’ ভোটে উৎসাহ দিচ্ছি। চুরি-চামারি বন্ধ করতে হলে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। বিগত সরকার দেশের ব্যাংক অর্থ দুর্নীতিতে ব্যবহার করেছে, এখন দায়িত্ব বর্তমান সরকারের।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সবকিছু প্রস্তুত। কেবিনেট মিটিং ও স্বরাষ্ট্র উপদেষ্টার তথ্য অনুযায়ী এবার ভোট হবে ফ্রি, ফেয়ার, পিসফুল এবং উৎসবমুখর। রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসারসহ সব কার্যক্রম সম্পন্ন। এখন আমরা শুধু ভোটের জন্য অপেক্ষা করছি। সংস্কারের বিষয়টিই ‘হ্যাঁ’ ভোটের মূল প্যাকেজ।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার আশঙ্কা অমূলক বলে উড়িয়ে দিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, আমরা আমাদের কাজ দিয়েই প্রমাণ করব, এই সরকারের কারও প্রতি কোনো পক্ষপাত নেই।

যমুনায় তারেক রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাত নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, এটি সম্পূর্ণ পারিবারিক সাক্ষাত। কেউ অফিসিয়ালভাবে উপস্থিত ছিলেন না। ‘ডিনার’ হয়েছে বলে কিছুই সত্য নয়, এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪