| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তনের চিন্তা: ইসি মাছউদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১১:২৯:৫৪:পূর্বাহ্ন  |  ৯০৭০৪৭ বার পঠিত
বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তনের চিন্তা: ইসি মাছউদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালট পেপারে পরিবর্তনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।

শনিবার (১৭ জানুয়ারি) এক ফোনালাপে নির্বাচন কমিশনার মাছউদ জানান, প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানোর প্রক্রিয়া দীর্ঘ ও সময়সাপেক্ষ হওয়ায় সেখানে এখন আর কোনো সংশোধন করা সম্ভব নয়। ফলে বিদেশে বসবাসরত ভোটারদের জন্য প্রস্তুত করা পোস্টাল ব্যালট আগের কাঠামোতেই বহাল থাকবে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালট এখনো ছাপানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগ রয়েছে। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম যুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর চিন্তাভাবনা চলছে, যাতে ভোটারদের জন্য বিষয়টি আরও স্পষ্ট ও সহজ হয়।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) গণভোট সংক্রান্ত এক বক্তব্যে নির্বাচন কমিশনার মাছউদ স্পষ্ট করে বলেন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন না। তারা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থাকবেন এবং এই বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বর্তমানে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও ব্যক্তিরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে সক্রিয় থাকলেও বাস্তবতা হলো—এই গণভোটে কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট প্রার্থী নেই। এমনকি গণভোট পরিচালনার জন্য আলাদা কোনো আচরণবিধিও প্রণয়ন করা হয়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটাররা দুটি পৃথক ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন। একটি ব্যালটে সংসদ নির্বাচনে আসনভিত্তিক প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করবেন, আর অন্য ব্যালটে চারটি বিষয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে মতামত জানাবেন।

এই নির্বাচন ও গণভোট পরিচালনায় দায়িত্ব পালন করছেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ দায়িত্বে রয়েছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় শেষ হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪