রিপোর্টার্স২৪ ডেস্ক: সারা দেশে দিনের বেলায় শীতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, ফলে শীতের অনুভূতিও তুলনামূলক কম হতে পারে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সোমবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর ফলে দিনের বেলায় শীতের কাঁপুনি কিছুটা কম অনুভূত হলেও রাত ও ভোরে শীতের প্রভাব বজায় থাকবে।
এদিকে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। সেখানে টানা ১২ দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দীর্ঘস্থায়ী এই শীতের কারণে নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্কদের জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে এসেছে।
আবহাওয়াবিদরা বলছেন, আপাতত দিনের বেলায় শীত কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি শৈত্যপ্রবাহ শেষ হয়ে যাচ্ছে এমন সিদ্ধান্তে পৌঁছাতে এখনও সময় লাগবে।
রিপোর্টার্স২৪/আয়েশা