| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত ১৫ বছরে হিসাব কারচুপিতে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৩:২০:০৪:অপরাহ্ন  |  ৯৩৫৫৮৪ বার পঠিত
গত ১৫ বছরে হিসাব কারচুপিতে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, গত দেড় দশকে বাংলাদেশে হিসাবরক্ষণের ক্ষেত্রে ব্যাপক কারচুপি ঘটেছে এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্পদ বিপুলভাবে বাইরে পাচার ও লুটপাট হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত ১৫ বছরে একটি বিশেষ গোষ্ঠী আর্থিক হিসাবের স্বচ্ছতা এড়িয়ে চলেছে। এই কারচুপির কারণে দেশের অর্থনীতি ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।” তবে বর্তমান ও আগামী প্রজন্মের পেশাজীবীদের সততা, জবাবদিহিতা ও উদ্ভাবনী শক্তি দেশের অর্থনীতি পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস: কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সময় নৈতিকতা বজায় রাখা অপরিহার্য।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পেশাজীবী ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে তিনি আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন। “দক্ষিণ এশিয়ার দেশগুলো একযোগে কাজ করলে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা সম্ভব,” মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া, বৈশ্বিক হিসাববিদদের শীর্ষ সংগঠন আইএফএসি-এর সভাপতি জ্যঁ বুকো প্রথমবারের মতো ঢাকায় সম্মেলনে যোগ দেন। বক্তারা একমত, দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে হিসাববিদদের ভূমিকা এখন আগের যে কোনও সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪