| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পে স্কেলের জন্য ২২ হাজার কোটি টাকা বরাদ্দ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৩:৫৩:২৮:অপরাহ্ন  |  ৯২১৮১০ বার পঠিত
পে স্কেলের জন্য ২২  হাজার কোটি টাকা বরাদ্দ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে বড় অঙ্কের অতিরিক্ত বরাদ্দ দিয়েছে সরকার। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, জানুয়ারি থেকে অন্তত আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের লক্ষ্যেই এই বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকার মেয়াদ শেষে পে স্কেল কার্যকর করতে না পারলেও, পরবর্তী নির্বাচিত সরকার যেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়টি বিবেচনায় রেখেই বাজেটে এই ব্যবস্থা রাখা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা করা হয়েছে। এতে পরিচালন ব্যয় বাড়িয়ে প্রায় ৫ লাখ ৬৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলেও উন্নয়ন ব্যয় বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কমিয়ে আনা হয়েছে ২ লাখ কোটি টাকায়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুদ পরিশোধ, ভর্তুকি, ব্যাংক একীভূতকরণে মূলধন সহায়তা এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় কমানো সম্ভব হয়নি। ফলে বাজেটের ভারসাম্য রক্ষায় উন্নয়ন ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। কমিশনের প্রতিবেদন আগামী ২১ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র মতে, জানুয়ারি থেকেই হয় সংশোধিত মূল বেতন কাঠামো অথবা নতুন ভাতাসমূহ কার্যকর করা হতে পারে। সে ক্ষেত্রে সংশোধিত বাজেটে যে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, তা বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে বলে মনে করছে সরকার।

ওই কর্মকর্তা আরও জানান, নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

এরই মধ্যে সরকার সংশোধিত বাজেট চূড়ান্ত করেছে, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন বাজেটে মোট আকার ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেটে উন্নয়ন ব্যয় ৩০ হাজার কোটি টাকা কমানো হলেও অনুন্নয়ন ব্যয় ২৮ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যার বড় অংশই ব্যয় হবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে।

চলতি অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে এই বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে।

বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। নতুন বেতন কাঠামো বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদিও তাদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে দেওয়া হয় না।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪