রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ সুযোগ আজ। মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা সব আপিলের শুনানির শেষ দিন রোববার (১৮ জানুয়ারি)। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অবশিষ্ট সব আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হবে। এর মধ্য দিয়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হতে যাচ্ছে।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি নেয় নির্বাচন কমিশন। এসব আবেদনের মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন।
অন্যদিকে, কমিশন মোট ৩৭টি আপিল আবেদন নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন।
এ ছাড়া শুনানির সময় ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। আরও ১৯টি আপিল আবেদন কমিশন অপেক্ষমাণ রেখেছে, যেগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে নির্বাচনের সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং সেদিনই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।
প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। এরপর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজকের আপিল শুনানির দিকে তাকিয়ে আছেন বাতিল হওয়া মনোনয়ন ফিরে পাওয়ার আশায় থাকা প্রার্থীরা। পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কমিশনের সিদ্ধান্ত নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম