রিপোর্টার্স২৪ ডেস্ক: রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, দিল্লির বায়ুমানের একিউআই (Air Quality Index – AQI) স্কোর ৬০৫, যা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত।
ঢাকার অবস্থানও চিন্তার বিষয়। রাজধানী ঢাকা ২৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এ স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয় এবং এটি সাধারণ জনগণসহ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীদের জন্য এ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।
তালিকায় পাকিস্তানের লাহোর ২৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ভারতের কলকাতা (স্কোর ২১২) এবং চীনের চেংদু (স্কোর ২১১) রয়েছে।
IQAir-এর একিউআই সূচক শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার পরিমাপ করে। সূচকটি ০–৫০ পর্যন্ত হলে বায়ুমান ভালো, ৫১–১০০ পর্যন্ত সহনীয় বা মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বস্তুকণা (PM₁₀ ও PM₂.₅), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO₂) ও ওজোন (O₃)-এর ওপর ভিত্তি করে। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইট থেকে উড়ছে ধুলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ এই কারণে মৃত্যুবরণ করেন।
ঢাকার নাগরিকদের জন্য এ পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করছে এবং পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার তাগিদ আরও জোরদার করছে।
রিপোর্টার্স২৪/ঝুম