রিপোর্টার্স২৪ ডেস্ক: সংস্কার কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক প্রচারণা চালানো হলেও বাস্তবতায় উল্লেখযোগ্য সংস্কার সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘কোনো সংস্কার হয়নি’এমন বক্তব্য সঠিক নয় এবং এটি অনেক ক্ষেত্রে আলোচনার বাইরে গিয়ে শুধুই বিভ্রান্তি তৈরি করছে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
সংলাপে বক্তব্য দিতে গিয়ে আসিফ নজরুল বলেন, কিছু মানুষ সংস্কার প্রসঙ্গে নেতিবাচক বক্তব্য ছড়াতে আগ্রহী, কারণ এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যায় এবং বাড়তি মনোযোগ পাওয়া যায়। তবে বাস্তবতা হলো সংস্কার একেবারে হয়নি, এমন দাবি সত্য নয়। তিনি বলেন, যদি সংস্কার নিয়ে প্রত্যাশার মাত্রা ১০ ধরা হয়, তাহলে অন্তত চার পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি।
তবে তিনি স্বীকার করেন, পুলিশ সংস্কার যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পাশাপাশি বিচার বিভাগে আরও কাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি। আসিফ নজরুল বলেন, “শুধু দীর্ঘদিন ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলা মানেই কেউ বিচারক হয়ে যাবেন এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উচ্চ আদালতেও সংস্কার দরকার, আর সেই সংস্কার উচ্চ আদালত থেকেই আসবে।
আইন উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। তবে আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা করতে সময় লাগবে। তার ভাষায়, “রুল অব ল বাস্তবায়নে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে। আমরা সংস্কারের পথে হাঁটছি। ভবিষ্যতের নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে জনগণ এর সুফল ভোগ করবে।”
রিপোর্টার্স২৪/ঝুম