| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব তরুণদের বেশি: ফরিদা আখতার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৫:১৯:২৯:অপরাহ্ন  |  ৯৪১৯৩৪ বার পঠিত
ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব তরুণদের বেশি: ফরিদা আখতার

রিপোর্টার্স২৪ ডেস্ক: বর্তমান সময়ে শুধু ডিগ্রি অর্জন করাই তরুণদের শেষ দায়িত্ব নয় বরং সমাজ পরিবর্তনের গুরুদায়িত্ব শিক্ষিত তরুণদের কাঁধেই বেশি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশের একটি বড় অংশ এখনো উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকায় যারা শিক্ষার সুযোগ পেয়েছে, তাদের সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে ঢাকার সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণে বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটির চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি সমাবর্তন সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ২০২৪ সালে বাংলাদেশের তরুণ সমাজ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, শুধু ব্যক্তিগত পরিবর্তনে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়; প্রকৃত পরিবর্তনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন আগের যেকোনো নির্বাচনের চেয়ে ভিন্ন গুরুত্ব বহন করে। এ নির্বাচনে তরুণদের দায়িত্ব শুধু সরকার গঠনে ভূমিকা রাখা নয়, বরং রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো ও ভবিষ্যৎ দিকনির্দেশনাও নির্ধারণ করা। গণঅভ্যুত্থানে উঠে আসা সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকার গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সংস্কার ব্যর্থ হলে পুরনো ব্যবস্থা ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে তিনি শান্তিপূর্ণভাবে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা বলেন, মাছ, ডিম, দুধ ও মাংস মানুষের পুষ্টির প্রধান উৎস হলেও দেশের সব মানুষ এখনো তা নিয়মিত পাচ্ছে না। ঘাটতি পূরণের নামে মাংস আমদানি করলে প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সরকার দেশীয় গবাদিপশু ও হাঁস-মুরগি উৎপাদন বাড়াতে কাজ করছে।

তিনি আরও বলেন, পরিবেশ দূষণ, নদী-নালা ও খাল-বিল ভরাটের ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন ভয়াবহভাবে কমে গেছে। অতিরিক্ত ও অবৈধ আহরণের কারণে ইলিশসহ সামুদ্রিক মাছের মজুতও আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০১৮ সালের তুলনায় সমুদ্রে মাছের পরিমাণ প্রায় দুই-তৃতীয়াংশ কমে গেছে। পাশাপাশি অক্সিজেন-স্বল্প এলাকা বৃদ্ধি ও প্লাস্টিক দূষণ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পর্যটনের সময় সমুদ্রে প্লাস্টিক ও বর্জ্য ফেলা মারাত্মক অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।

তরুণদের উদ্দেশে উপদেষ্টা ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহারের আহ্বান জানিয়ে বলেন, ধূমপান হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোকসহ নানা অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। আইন প্রয়োগের অপেক্ষা না করে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেকে ও সমাজকে রক্ষা করার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবর্তন অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষ থেকে অর্পিত ক্ষমতাবলে বিভিন্ন অনুষদের যোগ্যতা অর্জনকারী গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন এবং সকল গ্রাজুয়েটকে আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফয়েজ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার ও উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪