| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীদের ঘরে বসিয়ে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৫:৩৯:৩৩:অপরাহ্ন  |  ৯১২৩১৮ বার পঠিত
নারীদের ঘরে বসিয়ে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস

সিনিয়র  রিপোর্টার: নারীদের ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ করে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কার্যত অচল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগেই উপলব্ধি করেছিলেন যে নারীদের ঘরে বসিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। সেই উপলব্ধি থেকেই তিনি নারীশিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই বিশাল জনগোষ্ঠীকে যদি শিক্ষা, দক্ষতা ও কর্মক্ষেত্রে সম্পৃক্ত করা না যায়, তাহলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। তাই নারীশিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সমাজের সব স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই প্রতিষ্ঠান নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে সুযোগ পেলে কলেজটিকে সরকারীকরণসহ সার্বিক উন্নয়নের জন্য তিনি কাজ করবেন বলেও আশ্বাস দেন মির্জা আব্বাস।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪