স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার ভাট্টিখানা এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।
একই মেসে থাকা ইশতিয়াক নামের এক শিক্ষার্থী জানান, রাতে পড়াশোনার সময় আকাশের বান্ধবীর ফোন পেয়ে তিনি কক্ষটির দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে আকাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি