স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের বিদ্যমান ও চিহ্নিত প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে পুঁজিবাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও পুঁজিবাজারের অংশীজনদের পঞ্চম মাসিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ড. আনিসুজ্জামান বলেন, চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অংশীজনদের সমন্বয় সভা আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাপ্ত বছরে পুঁজিবাজার সংস্কারে সংশ্লিষ্ট সবার প্রচেষ্টা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মার্জিন) বিধিমালা, ২০২৫’, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ ও ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ নিয়ে আলোচনা হয়।
পুঁজিবাজার উন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ, নতুন পণ্য আনা, রোড শো, ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকের তথ্য সংগ্রহ ও অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলা, কমোডিটি এক্সচেঞ্জ চালুকরণ, এপিআই কানেকটিভিটি বৃদ্ধি, রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণ, মার্জার ও একুইজিশন, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, সিসিবিএলের রেজিস্ট্রেশন ও অপারেশন, মার্চেন্ট ব্যাংকের কাজের পরিধি বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার, জেলা ও উপজেলা প্রশাসনকে সচেতনতা বৃদ্ধিতে সম্পৃক্তকরণ, বাংলাদেশ টেলিভিশনে বিনিয়োগ শিক্ষার অনুষ্ঠান আয়োজন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও তাদের স্বার্থ রক্ষায় উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় বলেন, মার্জিন বিধিমালা, মিউচুয়াল ফান্ড বিধিমালা ও পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস—এই তিনটি রুলস পুঁজিবাজার সংস্কারের পথে প্রধানতম কাজ এবং ২০২৫ সালের মধ্যে এগুলো সম্পন্ন হয়েছে। তিনি বলেন, পুঁজিবাজারের হৃদপিণ্ড হলো আইপিও। নতুন আইপিও আসার পথ সুগম হয়েছে এবং এই সুযোগের সদ্ব্যবহার করার সময় এখনই।
সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), সিডিবিএল, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)সহ পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।