রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কর্তব্যরত নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট)কে হুমকি প্রদানের অভিযোগে তাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই মাসে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুরে প্রায় ৪০০-৫০০ জনের উপস্থিতিতে রুমিন ফারহানা একটি বড় স্টেজ তৈরি করে মাইক ব্যবহার করে বক্তব্য প্রদান করেন। এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর সরাসরি লঙ্ঘন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ওই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে ব্যারিস্টার রুমিন ফারহানা “ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক” আচরণ করেন। অভিযোগ অনুসারে, তিনি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাখবেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে বলা হয়েছে, রুমিন জনসমক্ষে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান এবং তার কর্মী-সমর্থকরাও মারমুখী আচরণ করে। এভাবে জনসমক্ষে ‘মব’ বা গণজমায়েত সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তাকে হুমকি প্রদান করা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের স্বার্থে রুমিন ফারহানাকে ২২ জানুয়ারি বা তার আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম