রিপোর্টার্স২৪ ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট মোকাবিলায় সরকার নতুন উদ্যোগ নিয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বিপিসিকে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করতে অনুমতি দেওয়া হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, প্রক্রিয়া শুরু করতে বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। সরকারি উদ্যোগে এলপিজি আমদানি হলে বাজারে ভারসাম্য ফিরবে।
বিপিসি জানিয়েছিল, দেশে এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল হওয়ায় সংকটের সময়ে সরকার হস্তক্ষেপ করতে পারছিল না। সরবরাহ-ঘাটতি বা কৃত্রিম সংকট মোকাবিলায় কার্যকর হাতিয়ার না থাকায় এলপিজি আমদানির জন্য সরকারের অনুমোদন চাওয়া হয়। এবার সেই অনুমোদন মিলেছে।
রিপোর্টার্স২৪/ঝুম