রিপোর্টার্স২৪ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বায়ুদূষণ। প্রতিদিনই বাড়ছে দূষিত শহরের সংখ্যা। বিশ্বের সবচেয়ে দূষিত ১২৫টি শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুমান মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তথ্যানুযায়ী, রাজধানী ঢাকার বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ২৯০। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
একই সময়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর রেকর্ড ৭৩৩-এ পৌঁছেছে, যা একে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে নিয়ে গেছে। এ ছাড়া ভারতের রাজধানী দিল্লি ৪৪১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটির আরেক শহর কলকাতা ৩১২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে। তালিকার পঞ্চম স্থানে থাকা পোল্যান্ডের ক্রাকোর শহরের একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২১১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বলা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
এ পর্যায়ের দূষণে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সুস্থ ব্যক্তিদেরও দীর্ঘ সময় বাইরে অবস্থান ও শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে বলা হয়। অন্যদিকে, একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে ফুসফুস ও হৃদ্রোগের আশঙ্কা বাড়িয়ে তোলে।
বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজ ও শীতকালে বাতাসে দূষণ আটকে থাকার কারণেই দক্ষিণ এশিয়ার শহরগুলোতে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
রিপোর্টার্স২৪/ঝুম