স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম রাউন্ডের রাতের খেলা শুরু হচ্ছে আজ। ফুটবলপ্রেমীদের জন্য রাতের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আর্সেনাল ও ইন্টার মিলানের মুখোমুখি দ্বন্দ্ব। একই সময়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ-মোনাকো এবং প্যারিস সেন্ট জার্মেই-স্পোর্টিং লিসবন। এছাড়া রাত পৌনে ১২টায় মাঠে দেখা যাবে ম্যানচেস্টার সিটি ও গ্লিমটের লড়াই।
৬ ম্যাচে পুরো জয় ছিনিয়ে টেবিলের শীর্ষে থাকা গানাররা দারুণ ফর্মে। আর্তেতার অধীনে দলটির আক্রমণ ও রক্ষণ উভয়ই বিশ্বের সেরা স্তরে। তবে ইনজুরি তালিকায় এখনও রয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি। স্কোয়াডে থাকছেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড, যারা দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অপরদিকে, ইন্টার মিলান ঘরের মাঠ সান সিরোতে সবসময়ই ভয়ঙ্কর। রক্ষণ সামলে দ্রুত কাউন্টার-অ্যাটাক খেলে ইতালিয়ান ক্লাবটি। লাউতারো মার্টিনেজ ও মার্কাস থুরাম হতে পারেন দলের প্রধান ত্রাতা। তবে ইনজুরির কারণে হাকান চানালুলু ও ডেনজেল ডামফ্রিস এই ম্যাচে মাঠে থাকছেন না। অতীতে আর্সেনালের সঙ্গে ৪টি মুখোমুখি ম্যাচে ইন্টার ও আর্সেনালের জয় হয়েছে সমান—২টি করে।
৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ রাতে মুখোমুখি হবে এ এস মোনাকো। শক্তির বিচারে ফেভারিট থাকছে লস ব্লাঙ্কোাসরা। তবে শাবি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ আলভেরো আরবেলোয়া দলের সঙ্গে হার দিয়ে শুরু করেছেন। মোনাকো ম্যাচটি কেবল জয় নয়, সেরা ছন্দ ফিরিয়ে আনার সুযোগও।
ইনজুরি ও কার্ড সমস্যা: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এডার মিলিটাও, ফারল্যান্ড মেন্ডি মাঠে থাকছেন না। এছাড়া আলভারো ক্যারেরাস কার্ড সমস্যায় খেলতে পারছেন না। জাতীয় দলের ব্যস্ততায় ব্রাহিম দিয়াজও অনুপস্থিত।
রাতের আরেকটি হট ফেভারিট ম্যাচ পিএসজি-স্পোর্টিং লিসবন। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থাকা লুইস এনরিখের দল মাঠে নামবে স্বাভাবিক আত্মবিশ্বাসে। দলের জন্য ইতিবাচক খবর আশরাফ হাকিমি ও লুকাস হার্নান্দেজ খেলবেন।
রাতভর উত্তেজনা, সেরা খেলোয়াড়দের যুদ্ধে আগ্রহ, এবং ফলাফল নিয়ে জল্পনা—চ্যাম্পিয়ন্স লিগের এই রাত ফুটবলপ্রেমীদের জন্য হয়ে উঠতে যাচ্ছে স্মরণীয়।
রিপোর্টার্স২৪/ঝুম