রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই দেশের সব এলাকায় শুরু হবে নির্বাচনী প্রচারণা।
এবারের সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে আপিলের সুযোগে ইসিতে জমা পড়ে ৬৪৫টি আবেদন। আপিল শুনানি শেষে ৪১৯ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। তবে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হলেও আপিলে ছয় জনের মনোনয়ন বাতিল হয়। আজ প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামীকাল চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে ইসি। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে একই কেন্দ্রে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থান। ইসির তথ্য অনুযায়ী, ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোট দেবেন, যেখানে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৫ হাজারের বেশি। ভোট গ্রহণ সহজ করতে প্রতিটি ভোটকক্ষে গোপনকক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে।
ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে। সে অনুযায়ী ১৫ জানুয়ারি থেকে এই গেজেট প্রকাশ শুরু হয়েছে। এতে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, ভোটকেন্দ্রের অবস্থান, ভোটার সংখ্যা এবং পোস্টাল ব্যালট ভোটারের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচনের সংক্ষিপ্ত পথনকশাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী, ২২ জানুয়ারি সব আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ, ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠপর্যায়ে পাঠানো হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন কোনো চাপে নেই। সবাই ভালো নির্বাচন চায়, কমিশনও সেটাই চায়। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের অভিযোগ ও পরামর্শ বিবেচনায় নিয়ে কমিশন কাজ করছে এবং এখন পর্যন্ত বড় কোনো সমস্যার মুখোমুখি হয়নি।
অন্যদিকে, পোস্টাল ভোট নিয়ে আজ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইসি। ইতোমধ্যে ইতালি ও মালয়েশিয়া থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে। নিবন্ধিত ভোটারদের ঠিকানা সঠিক না থাকায় এসব ব্যালট ফেরত আসে বলে জানিয়েছে কমিশন।
এদিকে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিল শুনানি শেষে সোমবার এ সিদ্ধান্ত জানানো হয়।
রিপোর্টার্স২৪/ঝুম