রিপোর্টার্স২৪ডেস্ক: সাভারে ছয় জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ‘সিরিয়াল কিলার সম্রাট’-এর আসল নাম প্রকাশ পেয়েছে। ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আসামী কিলার সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। পরিবারে তিন ভাই ও চার বোন রয়েছে। সবুজ শেখের জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, সবুজ শেখ নিজ পরিচয় লুকিয়ে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের নির্জন স্থানে নিয়ে যেতেন এবং শারীরিক সম্পর্কের নামে হত্যা করতেন। সর্বশেষ ঘটনার ৩-৪ দিন আগে তিনি তানিয়া ওরফে সোনিয়া নামের এক ভবঘুরে তরুণীকে কমিউনিটি সেন্টারে আটক রাখেন। ওই তরুণীর সঙ্গে অন্য একজনের অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রথমে তাকে, পরে ওই তরুণীকে হত্যা করে লাশ পুড়িয়ে দেন।
পুলিশ জানিয়েছে, সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সবুজ শেখ। তিনি ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন। আদালতের পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার আশপাশে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা সম্রাট নিজেকে ‘কিং সম্রাট’ এবং ‘মশিউর রহমান খান সম্রাট’ বলে পরিচয় দিতেন। তবে তার প্রদত্ত নাম ও ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি। পুলিশের সন্দেহ, তিনি হত্যার কারণ নিয়ে একাধিকবার বিভিন্ন দাবি করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম