স্টাফ রিপোর্টার: প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অতিথিভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে নিকার-এর প্রথম সভা।
সভায় অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ৬ জন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।
সভায় ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।
পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা করার প্রস্তাব অনুমোদন করা হয়।
এছাড়া গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। নরসিংদী জেলায় রায়পুরা থানা বিভক্ত করে আরও একটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব