স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর ও শহরতলীর গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও আধুনিক করতে কাউন্টারভিত্তিক ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা পরিবহন মালিক সমিতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি জানিয়েছে, কাউন্টারভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালু হলে সকল বাস নির্ধারিত স্টপেজ হতে যাত্রী উঠা-নামা করবে। সেই সঙ্গে সকল যাত্রীকে অ্যাপস অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে। এ পদ্ধতিতে সরকার নির্ধারিত পূর্বের ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না।
কাউন্টারভিত্তিক ও ই-টিকেটিং পদ্ধতিতে গণপরিবহন চালুর বিষয়ে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার বলেন, ‘ডিএমপি ঢাকা শহরে যানজট নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের ই-টিকেট সিস্টেম উদ্বোধন হচ্ছে, যা আগামী সপ্তাহে চালু হবে। এর ফলে বাসযাত্রী, মালিক, শ্রমিক এবং ঢাকাবাসী উপকৃত হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, আরবানমুভ টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আবদুল্লাহ।
অনুষ্ঠানে পুলিশে বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, আরবানমুভ টেক লিমিটেডের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব