রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থ—যা ‘ম্যাট্রেস মানি’ নামে পরিচিত—এর পরিমাণ প্রায় তিন লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন। তিনি বলেন, এই অর্থ ব্যাংকিং চ্যানেলে না আসায় বিনিয়োগ ও ঋণপ্রবাহ ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মাসরুর আরেফিন বলেন, দেশের খেলাপি ঋণ সংকট দীর্ঘদিন আড়ালে ছিল। “আমরা ভাবতাম খেলাপি ঋণ ৯ শতাংশ, বাস্তবে তা প্রায় ৩৫ শতাংশ। সত্য সামনে আসায় এখন সমাধানের সুযোগ তৈরি হয়েছে,” বলেন তিনি।
খেলাপি ঋণ ব্যবস্থাপনায় পচে যাওয়া ঋণ অবলোপন করে নতুনভাবে শুরু করার পরামর্শ দেন এবিবি চেয়ারম্যান। এতে সাময়িক চাপ বাড়লেও স্বচ্ছতা এলে দীর্ঘমেয়াদে সুফল আসবে বলে মত দেন তিনি।
তিনি জানান, কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণ বেশি হওয়ায় গড় হার বেড়েছে, তবে ১৫–২০টি ব্যাংকে খেলাপি ঋণ চার শতাংশের নিচে রয়েছে। খেলাপি ঋণকে তিনি সুশাসন ও ব্যবস্থাপনার ঘাটতির ফল বলে উল্লেখ করেন।
বাংলাদেশ ব্যাংকের নজরদারি জোরদারের প্রশংসা করে তিনি বলেন, এতে ব্যাংকগুলোর পরিচালনা আরও সতর্ক হয়েছে এবং সম্পদের মান ধীরে ধীরে উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।
তারল্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ঋণপ্রবৃদ্ধি কম থাকায় ব্যাংকগুলো ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করেছে, যা স্বাভাবিক ও যৌক্তিক। বর্তমানে সামগ্রিক তারল্য ১৫৭ শতাংশের বেশি।
রাজনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ঋণচাহিদা কমলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের পর অর্থনীতিতে গতি ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এবিবি চেয়ারম্যান।
রিপোর্টার্স২৪/বাবি