রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ ঘোষণার দিন ধার্য রয়েছে।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে গত ১৫ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ওইদিন পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ এবং সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।
শুনানিকালে আসামিপক্ষ প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের তীব্র বিরোধিতা করে দাবি করে, ঘটনার সঙ্গে জয় ও পলকের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তারা মামলায় অভিযোগ গঠন না করে দুই আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। অন্যদিকে প্রসিকিউশন পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরা হয়।
এর আগে গত ১১ জানুয়ারি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। সে সময় তিনি আনীত তিনটি অভিযোগ ট্রাইব্যুনালে পড়ে শোনান এবং জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আবেদন জানান।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন জুনায়েদ আহমেদ পলক। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, তারা ইন্টারনেট বন্ধ করা এবং মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেন। একইসঙ্গে হত্যাকাণ্ডে সহায়তা করেন। এসব হামলায় পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর গুলিতে রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন শহীদ হন।
এছাড়া উত্তরায় সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও তৃতীয় অভিযোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই দিনে গ্রেফতার অবস্থায় থাকা পলককে আদালতে হাজির করা হয়। এর আগে গত ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নেন ট্রাইব্যুনাল।
রিপোর্টার্স২৪/ঝুম