রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। এর পরবর্তী ধাপে আজ বুধবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে জানানো হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করতে হবে এবং একই সঙ্গে তাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।
ইসি ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় স্থান পেয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইসি পরিপত্রে আরও বলা হয়েছে, প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণানুক্রম অনুযায়ী সাজিয়ে চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম