রিপোর্টার্স২৪ ডেস্ক: গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ ও আশপাশের একাধিক এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দ্বিতীয় তলা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও প্রতিস্থাপন কাজ করা হবে। বিশেষ করে পঞ্চবটি মোড় ও প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনে এই কাজ পরিচালিত হবে।
এ কারণে বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লা এলাকাসহ আশপাশের অঞ্চলে সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে আদমজী ইপিজেড এলাকা এ বন্ধের আওতার বাইরে থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করার চেষ্টা করা হবে এবং গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম