| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছাড়াল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১০:৩৪:৪৬:পূর্বাহ্ন  |  ৮৯৭৮১১ বার পঠিত
বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছাড়াল

রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ এবং ইউরোপের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য সংঘাতের শঙ্কা বিশ্বজুড়ে স্বর্ণের দামে উত্থান সৃষ্টি করেছে। রয়টার্স জানাচ্ছে, বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম।

বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) ৪,৮২১.২৬ ডলারে পৌঁছেছে। এ সময় এক পর্যায়ে দাম সর্বোচ্চ ৪,৮৪৩.৬৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯২ হাজার ৮০৬ টাকা) স্পর্শ করে। ফেব্রুয়ারির ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৮১৩.৫০ ডলারে উঠেছে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কাইল রডা বলেন, ট্রাম্পের ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপ এবং গ্রিনল্যান্ড দখলের পদক্ষেপের কারণে মার্কিন অর্থনীতির প্রতি আস্থা কমেছে। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিনিয়োগকারীদের উদ্বেগই স্বর্ণের এই উত্থানের মূল কারণ।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা ডলার এবং দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ড বিক্রি করে স্বর্ণের দিকে ঝুঁকছেন। কারণ বর্তমান পরিস্থিতিতে মার্কিন ডলারের তুলনায় স্বর্ণে আস্থা বেশি।

তিন সপ্তাহ ধরে ইউরো ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের মান সর্বনিম্নে নেমে এসেছে। এশিয়ার শেয়ারবাজারও টানা তৃতীয় দিন পতনের মুখে। তবে বৈশ্বিক বন্ডবাজারে বিক্রির চাপ আপাতত কিছুটা কমেছে। এসব কারণেই স্বর্ণে বিনিয়োগ বাড়ছে।

স্থানীয় বাজারেও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বুধবার থেকে নতুন দর কার্যকর হচ্ছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা।

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি (পাকা) স্বর্ণের বাজারমূল্য বৃদ্ধির কারণে এই দাম নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ক্যারেটের দাম নির্ধারণ হয়েছে—

২১ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা প্রতি ভরি

১৮ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা প্রতি ভরি

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা প্রতি ভরি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪