রিপোর্টার্স২৪ ডেস্ক: ব্যাংকিং খাতে সম্ভাব্য সংকট মোকাবেলায় রেজল্যুশন ফার্ম গঠনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর অর্থায়নে একটি বিশেষ ফান্ড তৈরি করা হবে, যা সংকট মোকাবেলায় ব্যবহার করা হবে।
বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তৃতায় গভর্নর আরও বলেন, ব্যাংকিং খাতে কোনো ব্যক্তিকেন্দ্রিক বা অনিয়মমূলক প্রভাব যেন না থাকে, সে বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে। তাঁর মতে, দুর্বৃত্তায়ন, অনিয়ম ও পরিবারতন্ত্রের কারণে প্রায় ৩ লাখ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে বেরিয়ে গেছে, যা হয়ত পাচারও হয়েছে।
ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে, তবে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
এর আগে, ব্যাংক খাতে সংকট মোকাবেলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ নামে নতুন একটি বিভাগ গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনটি গত বছরের ২২ জুলাই জারি করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম