সিনিয়র রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে।
বুধবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন। একই সঙ্গে মামলার প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
শুনানিকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ পাঠের পর ট্রাইব্যুনাল তার কাছে জানতে চান তিনি নিজেকে দোষী মনে করেন কি না। জবাবে পলক নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
এ সময় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মনজুর আলম এবং জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী এম লিটন আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল জয় ও পলকের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগে চার্জ গঠন করেন।
রিপোটার্স ২৪/এসসি