সিনিয়র রিপোর্টার: কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
বুধবার হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও মো. আনোয়ারুল ইসলাম-এর বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
হাসনাত আবদুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, আদালতের কাছে ঋণ খেলাপির তথ্য গোপন করার অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সী প্রতারণা করেছেন। হাইকোর্ট তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। তবে তিনি এ আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
পূর্বে নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছিলেন, মুন্সী ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ১৭ জানুয়ারি তাঁর মনোনয়নপত্র বাতিল করে।
রিপোটার্স ২৪/এসসি