| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকসু নির্বাচন স্থগিত: ‘শাটডাউনের’ হুমকি শিক্ষার্থীদের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ২১:৩৫:৪১:অপরাহ্ন  |  ৮৬৭৯৬৯ বার পঠিত
শাকসু নির্বাচন স্থগিত: ‘শাটডাউনের’ হুমকি শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। গত দুই দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর এবার ২৮টি বিভাগের শিক্ষার্থীরা এই কঠোর আন্দোলনের ডাক দিলেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, চেম্বার জজ আদালত শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় ফিরবেন না। এর আগে মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা বিবৃতির মাধ্যমে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিতে শুরু করেন।

এদিকে আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, ‘গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটা দলের প্ররোচনায় পড়ে দুজন প্রার্থী ও একজন ভোটার হাইকোর্টে রিট করেছে। ফলে ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি যে, হাইকোর্ট অনতিবিলম্বে যেন শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। যদি শিক্ষার্থীদের পক্ষে রায় না আসে, তাহলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।’

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বিধান বাধ্যবাধকতার আওতামুক্ত রাখে। আমাদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্যে শাকসু চাই। কারো চাপ আমরা মেনে নেব না।’

শিক্ষার্থীদের এই আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, ‘নির্বাচন স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আমরা তাদের বুঝিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করছি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪