| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয়াপল্টনের স্কুলে শিশুনির্যাতনের ভাইরাল ভিডিওতে তীব্র ক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ০৩:২১:২১:পূর্বাহ্ন  |  ৯০৬৮৩১ বার পঠিত
নয়াপল্টনের স্কুলে শিশুনির্যাতনের ভাইরাল ভিডিওতে তীব্র ক্ষোভ

স্টাফ রিপোর্টার: রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় তলব করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শিশুর প্রতি এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা।

পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তারা ঘটনাস্থল শনাক্ত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে। এ ঘটনায় ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় হাজির হতে বলা হয়েছে। তবে নির্ধারিত সময়েও তারা থানায় না এসে সময় নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, চশমা পরা, ঘি রঙের প্যান্ট ও ছাঁই রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি শিশুটিকে বেধড়ক মারধর করছেন। এ সময় গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটির হাত চেপে ধরে রাখেন। কিছুক্ষণ পরপর ওই ব্যক্তি এসে শিশুটিকে আঘাত করতে থাকেন। শিশুটির অসহায় অবস্থায় কান্না ও প্রতিরোধের দৃশ্য ভিডিওতে স্পষ্টভাবে ধরা পড়ে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। এটি নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামে একটি প্রতিষ্ঠানের ঘটনা। নির্যাতনের সঙ্গে জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালক শারমিন আক্তার।

তিনি আরও জানান, সংশ্লিষ্টদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে শিশুর প্রতি এমন নির্যাতনের ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে এমন নির্যাতন দীর্ঘ সময় ধরে ঘটতে পারে এবং কেন আগে তা প্রকাশ্যে আসেনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪