| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোগী মৃত্যুকে ঘিরে ঢামেকে চিকিৎসক মারধর, চিকিৎসা সেবা বন্ধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ০৩:৫২:০১:পূর্বাহ্ন  |  ৮৯৫১৬৯ বার পঠিত
রোগী মৃত্যুকে ঘিরে ঢামেকে চিকিৎসক মারধর, চিকিৎসা সেবা বন্ধ

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে ঢামেকের মেডিসিন ভবনের সাততলায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমা বেগম।

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, রোগীর মৃত্যুর পর তার স্বজনরা উত্তেজিত হয়ে ইন্টার্ন চিকিৎসক ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমের ওপর হামলা চালান। মারধরের শিকার চিকিৎসকদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন এবং চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করেন। হাসপাতালের পরিচালক ঘটনাস্থলে না আসা পর্যন্ত গেট খোলা হবে না বলে জানান তারা।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতাল এলাকায় টহল জোরদার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রোগীর মৃত্যুর পর চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি জানান, ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের গেট বন্ধ করে রেখেছেন।

এ বিষয়ে জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় হাসপাতালের জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে চিকিৎসা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন রোগী ও সাধারণ মানুষ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪