স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়ে ভয়ভীতি দেখিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি চিরকুট রেখে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। ওই বাড়িতে অশোক কুমার সাহার মেয়ে ও শ্যালক অবস্থান করছিলেন। ওই সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বাসার সামনে আসে। পরে তিনজন বাড়ির ভেতরে ঢুকে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন এবং নিরাপত্তাকর্মীকে মিটিংয়ে না যাওয়ার জন্য জানিয়ে একটি চিরকুট রেখে চলে যান।
চিরকুটে লেখা ছিল, মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা। পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা যাতে সিসিটিভি ফুটেজে ধরা না পড়ে, সে জন্য তারা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে গেছে।
ডিসি মো. মাসুদ আলম বলেন, ২৫ তারিখ ব্যাংকের একটি মিটিং রয়েছে। ব্যাংককেন্দ্রিক অন্য কোনো পক্ষ এই ঘটনাটি ঘটাতে পারে। ইতোমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও অন্যান্য তদন্ত কার্যক্রম শুরু করেছি।
অশোক কুমার সাহা বর্তমানে চট্টগ্রামে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে ঘটনার বিবরণ জানিয়ে সহযোগিতা করছেন।
পুলিশ এই ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে ব্যাংককেন্দ্রিক পক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি