রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলসংক্রান্ত অবস্থান ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে বৈশ্বিক ক্রীড়াঙ্গনেও। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে এমন ইঙ্গিত মিলছে বার্লিনের রাজনৈতিক অঙ্গনে।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় থাকার পাশাপাশি ইউরোপের একাধিক দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এই অবস্থানের কড়া সমালোচনা করেছে জার্মানি। দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জার্মান সরকারের নীরব সমর্থনও রয়েছে বলে জানা গেছে।
বিশেষ করে ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের পরিকল্পনা কার্যকর হলে, প্রতিক্রিয়া হিসেবে বিশ্বকাপ বর্জনকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে জার্মানি। কারণ ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিন দেশ হলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ম্যাচের বড় অংশ অনুষ্ঠিত হবে মার্কিন মাটিতেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের পথে এগোয় যুক্তরাষ্ট্র, তাহলে শুধু জার্মানি নয়। ইউরোপের আরও কয়েকটি দেশও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিতে পারে। এতে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়বে।
তবে আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জার্মানি। বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে শেষ কথা বলবে জার্মান ফুটবল ফেডারেশন। এরই মধ্যে বয়কটের পক্ষে জনমত গড়ে তুলতে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতা।
সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, জার্মান জনগণের একটি বড় অংশ এই বয়কটের ধারণাকে সমর্থন করছে। জরিপ অনুযায়ী, ৪৭ শতাংশ মানুষ ২০২৬ বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন ৩৫ শতাংশ নাগরিক।
সব মিলিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত ও ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ এখন এক সুতোয় গাঁথা। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে শুধু ইউরোপ নয়, গোটা ফুটবল বিশ্ব।
রিপোর্টার্স২৪/ঝুম