রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ৮ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ জানুয়ারি জারি করা ৮ ইউএনওর বদলির আদেশ এতদ্বারা বাতিল করা হলো। এর আগে, নির্বাচন কমিশনের সম্মতি অনুযায়ী মঙ্গলবার মন্ত্রণালয় বদলির প্রজ্ঞাপন জারি করেছিল।
প্রথম প্রজ্ঞাপনে বরগুনার পাথরঘাটার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশনে, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে, এবং হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও হিসেবে বদলি করার নির্দেশ ছিল।
এছাড়া, বগুড়ার ধুনটের ইউএনও প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবল, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে নেত্রকোণার কলমাকান্দা, নেত্রকোণার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া এবং ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেনকে বরগুনার পাথরঘাটায় স্থানান্তর করা হয়েছিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ধরা হবে। তবে বৃহস্পতিবার এই আদেশ বাতিল করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম