রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। এর আগে নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সাধারণ মানুষ।
প্রেসসচিব জানান, সরকারের বর্তমান মেয়াদের আর মাত্র ২১ দিন বাকি রয়েছে। এ সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালাগুলোর অনুমোদন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের কেবিনেট বৈঠকে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয় এবং ১৩টি এজেন্ডা উপস্থাপন করা হয়।
তিনি জানান, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল আইন সংশোধন অধ্যাদেশ ২০২৬, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬, হাউসবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৬, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬ এবং তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন অধ্যাদেশ নিয়ে আলোচনা হলেও তা পুনরায় পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি। এছাড়া বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (BJEP) স্বাক্ষরের প্রস্তাব এবং বাংলাদেশ মালয়েশিয়া মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স চুক্তির খসড়াও অনুমোদন পেয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম