স্টাফ রিপোর্টার: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তবে টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নিতে প্রস্তুত রয়েছে।
বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি সরকারের। কোনো দেশের নাগরিক অন্য দেশে গেলে সেখানে নিরাপত্তা ঝুঁকি আছে কি না এটা সরকারই বিবেচনা করবে। অন্য কারও এখানে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
এর আগে বুধবার বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আইসিসির উদ্যোগে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইসিসি জানায়, বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে বিকল্প দল নেওয়া হবে এবং এ বিষয়ে এক দিনের আলটিমেটাম দেওয়া হয় বিসিবিকে।
সভায় ভেন্যু পরিবর্তনের পক্ষে বিসিবির প্রস্তাব ভোটাভুটিতে ওঠে। তবে পাকিস্তান ছাড়া অন্য সব বোর্ডের প্রতিনিধিরা বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল পর্বে রাখার পক্ষে ভোট দেন। বৈঠকে মোট ১৫ জন আইসিসি পরিচালক উপস্থিত ছিলেন।
রিপোটার্স ২৪/এসসি